সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুখবর দিয়েছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (ICP)।
এক বিশেষ ঘোষণায় জানানো হয়েছে, যাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এখন নতুন কোনো ‘এন্ট্রি পারমিট’ বা প্রবেশ অনুমতি ছাড়াই সরাসরি আমিরাতে ফিরতে পারবেন।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা এবং উদ্ভূত পরিস্থিতির কারণে অনেক প্রবাসী সময়মতো আমিরাতে ফিরতে পারেননি। এছাড়া ব্যক্তিগত বা জরুরি কারণে দেশে গিয়ে আটকা পড়া প্রবাসীদের কথা বিবেচনা করে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। মূলত প্রশাসনিক জটিলতা কমিয়ে প্রবাসীদের কর্মস্থলে ফেরার জন্য এই পদক্ষেপ নিয়েছে আমিরাত সরকার।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সুযোগ চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। যারা বৈধ রেসিডেন্সি ভিসা থাকা সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে সময়মতো ফিরতে না পেরে ভিসার মেয়াদ হারিয়েছেন। তাদের জন্য আমিরাত সরকার জানিয়েছে, এই উদ্যোগটি মূলত মানবিক ও নমনীয় প্রশাসনিক ব্যবস্থার একটি অংশ, যা প্রবাসীদের কর্মস্থলে ফেরার পথ সুগম করবে।
বিডি-প্রতিদিন