যুক্তরাষ্ট্র ইরানে চলমান হামলা অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছে। একজন মার্কিন কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আকাশ পথে ও সমুদ্র পথে ‘ব্যাপক’ হামলা চালানো অব্যাহত রাখবে।
তিনি বলেন, এই মুহূর্তে হামলা শুধু ইরানের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে সীমিত রয়েছে। ওই কর্মকর্তা জানান, ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে হামলা চালানো হচ্ছে।
অপরদিকে, ইসরাইল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে আলজাজিরা জানায়, আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরাইলে হামলা চালিয়ে যাওয়া হবে। একইসঙ্গে উপসাগরীয় বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় লক্ষ্য করে হামলা চলবে।
এর আগে আজ শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। জবাবে ইরান ইসরাইলে হামলা চালিয়েছে। পাশাপাশি কাতার, বাহরাইন, সংযুক্ত আমিরাত, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।
এর মধ্যে ইরানের একটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ৫৩ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। অপরদিকে, আমিরাতে রকেটের অবশিষ্টাংশ পড়ে একজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।