মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলেও জীবিকার তাগিদে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা। যুদ্ধের কারণে অনেকে অঞ্চল ছেড়ে চলে গেলেও বাংলাদেশি শ্রমিকদের অনেকেই বলছেন, উপার্জনের প্রয়োজনেই তাদের ফিরে যেতে হচ্ছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে, বিদেশগামী ফ্লাইটে ওঠার আগে অনেক শ্রমিক পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে অশ্রুসজল চোখে বিদায় জানাচ্ছেন।
২৮ বছর বয়সী মোহাম্মদ সাকিব সৌদি আরবে ফিরে যাচ্ছেন। নতুন স্ত্রী ও পরিবারের সদস্যদের রেখে যাওয়ার সময় তিনি বলেন, ফিরে যাওয়ার সময় ভয় লাগা স্বাভাবিক। কে জানে সামনে কী আছে। তিনি গত চার বছর ধরে সৌদি আরবে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন। বিয়ের ছুটিতে দেশে থাকার সময়ই এই যুদ্ধ শুরু হয়। বিদায়ের সময় ছোট ভাই মনিরুল ইসলাম তাকে জড়িয়ে ধরে বিদায় জানান।
পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে প্রায় ৭০ লাখ বাংলাদেশি বিদেশে কর্মরত আছেন। তাদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছেন এবং এর মধ্যে প্রায় দুই তৃতীয়াংশই সৌদি আরবে অবস্থান করছেন।
অনেক শ্রমিক তাদের স্বাভাবিক কাজ চালিয়ে গেলেও যুদ্ধ পরিস্থিতির কারণে অনিশ্চয়তা তাদের ওপর ছায়া ফেলেছে।
সূত্রঃ আল-জাজিরা