কক্সবাজার শহরের পল্লাইন্যা কাটা এলাকায় গণেশ পাল (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন। নিহত গণেশ পাল ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে ওসি মো. ছমি উদ্দিন জানান, গণেশ নিজ বাড়ির ড্রেন নির্মাণের কাজ করছিলেন। এ সময় একই এলাকার মো. জিসান নামের এক ব্যক্তি ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। গনেশ পাল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জিসানসহ অজ্ঞাতনামা আরও চারজন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গণেশ পালকে গুরুতর আহত অবস্থায় পরিবার ও স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি ছমি উদ্দিন আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।