কক্সবাজারের উখিয়া থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী নার্স। চলন্ত সিএনজি অটো থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন।
জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৮টা ৩০ মিনিটে ডিউটি শেষে উক্ত নার্স সিএনজি অটো করে বাসায় ফিরছিলেন। পথে উখিয়া বাজারে পৌঁছালে মোটরসাইকেলে করে দুইজন ছিনতাইকারী হঠাৎ করে তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। মোবাইলটি রক্ষা করতে গেলে তিনি সিএনজি থেকে পড়ে গিয়ে মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা ঘটনার বিষয়ে অবগত হয়েছি। ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম চলছে।”
এদিকে, উখিয়া বাজার ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের ঘটনা বাড়তে থাকায় সাধারণ মানুষ চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। স্থানীয়দের দাবি, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হোক।।